গবাদি প্রাণির স্বাস্থ্য (Livestock health) :
ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা (mycoplasma), বা পরজীবী প্রাণীর সংক্রমণ অথবা বিপাক ক্রিয়ায় ভারসাম্যের কারণে একটি প্রাণির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তদুপরি, আপাতদৃষ্টিতে স্বাস্থ্যবান একটি প্রাণির ভালো প্রজনন স্বাস্থ্য থাকবে এমনও কোন নিশ্চয়তা নেই। গর্ভধারণে ব্যর্থতা, প্রজননক্ষমতা লোপ, ভ্রূণাবস্থায় মৃত্যু ও গর্ভপাত এবং স্ত্রী প্রাণির অন্যান্য রোগের সঙ্গে প্রায়শ দুর্বল প্রজনন কর্মকান্ড সম্পর্কিত থাকে। ব্যাকটেরিয়া বা ভাইরাস-সৃষ্ট ব্যাধি স্বাভাবিকভাবে একটি প্রাণির মৃত্যুর কারণ হয়, অথচ পরজীবী প্রাণীরা প্রধানত প্রাণির উৎপাদন হ্রাস করে, যদিও পরজীবী কর্তৃক গবাদি প্রাণি মৃত্যুর অনেক উদাহরণ রয়েছে। ব্যাকটেরিয়া-সৃষ্ট বড় ব্যাধির মধ্যে রক্তদূষণ একটি, অথচ ভাইরাস সৃষ্ট ব্যাধির মধ্যে রয়েছে peste des petits ruminants (ppr), পা ও মুখের রোগ (foot and mouth disease) ও ক্ষণস্থায়ী জ্বর। এটি বলা যায় যে, বাংলাদেশে গবাদি প্রাণি উৎপাদন হ্রাসে পরজীবী প্রাণীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবাদি প্রাণির উল্লেখ করার মতো পরজীবী-সৃষ্ট রোগগুলির মধ্যে রয়েছে ফ্যাসসিওলিয়্যাসিস (fascioliasis), প্যার্যাম্ফিস্টোমিয়্যাসিস (paramphistomiasis), সিস্টোসোমিয়্যাসিস (schistosomiasis), হাইড্যাটিডসিস (hydatidosis), অ্যাসক্যারিয়্যাসিস (ascariasis), স্টেফ্যানোফাইল্যারিয়্যাসিস (stephanofilariasis), হিমোনকোসিস (haemonchosis), ইসোফ্যাগোস্টোমিয়্যাসিস (oesophagostomiasis) ও বেবিসিওসিস (babesiosis)। উপরন্তু, রোগ সংক্রমণ এজেন্ট হিসেবে ভূমিকা পালন করার কারণে মাছি, মাইট, এঁটেলসহ বেশ কিছু সংখ্যক সন্ধিপদী প্রাণী অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। গবাদি প্রাণির সাধারণ স্বাস্থ্যের ক্ষতিসাধনের মাধ্যমে এই সম্পদের উৎপাদন হ্রাসেও এরা ভূমিকা রাখে। [মোঃ জহুরুল করিম]

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন